শিক্ষার মাধ্যমে দারিদ্র্য দূরীকরণে অবদান রাখার জন্য ‘ওয়াইজ’ পুরস্কার পেয়েছেন বিশ্বের বৃহত্তম বেসরকারি সংস্থা ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ।
গতকাল মঙ্গলবার কাতারের দোহায় অনুষ্ঠিত তৃতীয় ‘ওয়ার্ল্ড ইনোভেশন সামিট ফর এডুকেশন’ (ওয়াইজ) সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ফজলে হাসান আবেদের হাতে এই পুরস্কার তুলে দেন কাতারের আমির শেখ হামাদ বিন খলিফা আল-তানি। শিক্ষাক্ষেত্রে বিশ্বের সবচেয়ে বড় পুরস্কার হিসেবে বিবেচিত এ পুরস্কারের মূল্যমান হিসেবে পাঁচ লাখ মার্কিন ডলার ও একটি স্বর্ণপদক দেওয়া হয়। পদকটিতে ৫০টি ভাষায় ‘শিক্ষা’ লিখে বিশেষভাবে তৈরি করা হয়েছে।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে ওয়াইজের চেয়ারম্যান কাতারের আমির বলেন, ফজলে হাসান আবেদের জীবন ও কাজ ওয়াইজের চিন্তাধারা ও মূল্যবোধের মূর্ত প্রকাশ। শিক্ষা বিস্তারে তিনি সফল পদ্ধতির আবিষ্কারক। নিজ দেশে সার্থক প্রয়োগের পর তিনি তা বিশ্বের অন্য দেশে ছড়িয়ে দিয়েছেন।
পুরস্কার গ্রহণের পর কাতার ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে স্যার ফজলে হাসান আবেদ বলেন, এই পুরস্কারের মাধ্যমে ব্র্যাক ও তিনি ব্যক্তিগতভাবে সম্মানিত হয়েছেন। নিজের চার দশকের কর্মধারার উল্লেখ করে তিনি বলেন, পরিবর্তনের জন্য শিক্ষাই হচ্ছে মৌলিক অনুঘটক।
১৯৭২ সালে ব্র্যাক প্রতিষ্ঠার পর এটি এখন বিশ্বের সবচেয়ে বড় বেসরকারি সংস্থা। বর্তমানে ব্র্যাকের কর্মীসংখ্যা এক লাখ ২০ হাজার। ব্র্যাকের শিক্ষা কার্যক্রম এশিয়া, আফ্রিকা ও মধ্য আমেরিকার ১০টি দেশে ১৪ কোটি মানুষের কাছে পৌঁছেছে। বিশ্বের সবচেয়ে বড় বেসরকারি শিক্ষা উদ্যোগগুলোর মধ্যে ব্র্যাকের উদ্যোগ অন্যতম। ব্র্যাকের শিক্ষা কর্মসূচির প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে এক কোটির বেশি শিক্ষার্থী রয়েছে। বিজ্ঞপ্তি।








