লন্ডন স্কুল অব ইকোনমিকসের (এলএসই) ওল্ড থিয়েটারে আয়োজিত ডিগ্রি প্রদান অনুষ্ঠানে ৫০০ জনের বেশি শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এলএসইর উপপরিচালক স্টুয়ার্ট কোরব্রিজের আনুষ্ঠানিক বক্তব্যের পর পরিচালক জুডিথ রিজ অধ্যাপক ইউনূসকে সম্মানসূচক ডিগ্রিতে ভূষিত করেন।
স্টুয়ার্ট কোরব্রিজ বলেন, অধ্যাপক ইউনূস গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে যে অন্তর্জ্ঞানের প্রসার ঘটিয়েছেন, তা বিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি বদলাতে সহায়তা করেছে। সুযোগ পেলে এলইসিতে এসে পাঠদানের জন্য অধ্যাপক ইউনূসকে আমন্ত্রণ জানান স্টুয়ার্ট কোরব্রিজ।
ডিগ্রি গ্রহণের পর অধ্যাপক ইউনূস তাঁর বক্তব্যে বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক সংকট বিশ্বে নতুন এক মানবসভ্যতা আনার জন্য জেগে ওঠার আহ্বান, যে পৃথিবীতে কাউকে বেকারত্ব ও দারিদ্র্যের অমর্যাদায় ভুগতে হবে না। মানব ইতিহাসের সবচেয়ে ক্ষমতাশালী প্রজন্ম তরুণদের নতুন সভ্যতা গড়ার কাজে নেতৃত্ব গ্রহণ করতে হবে।
লন্ডন স্কুল অব ইকোনমিকসের দীর্ঘ ইতিহাসে অধ্যাপক ইউনূসের আগে ১৯ জন বিশিষ্ট ব্যক্তিত্বকে সম্মানসূচক ডিগ্রি দেওয়া হয়েছে।
এর আগে ওই দিন অধ্যাপক ইউনূস সামাজিক ব্যবসার উদ্যোক্তা ও সামাজিক বিনিয়োগকারীদের নিয়ে আয়োজিত গুড ডিল্স সম্মেলনে ভাষণ দেন। বিজ্ঞপ্তি।








